জুমলা! ১.৭ সহজপাঠ
(Joomla! Getting Started - A book in Bangla written by Suhreed Sarkar)
সুহৃদ সরকার
Copyright (c) Suhreed Sarkar 2012. All Rights Reserved.
SmashWords Edition
January 2012
This book is written in Bangla (Bengali) language and uses Unicode fonts (UTF-8). You need to have Bangla OTF fonts, such as SolaimanLipi, Likhan, Nikosh, installed on your device. If you face difficulties in reading this book, please report to suhreedsarkar@gmail.com.
এই বইটি কেবল আপনার জন্য লাইসেন্সকৃত। আপনি যদি এটি না কিনে থাকেন তাহলে এক্ষুনি www.smashwords.com এ ফেরত দিন এবং একটি কপি কিনুন। আপনি একটি কপি কেনার পর সেটি কেবল নিজের জন্য ব্যবহার করতে পারবেন। অন্য কাউকে সেটি দিতে পারবেন না। অন্য কাউকে দিতে চাইলে তার জন্য আরেকটি কপি কিনুন। এই নীতি মেনে চলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সূচিপত্র
অধ্যায় ৫. ইউজার ব্যবস্থাপনা ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণ
অধ্যায় ৭. টেমপ্লেট ব্যবস্থাপনা
বর্তমান বিশ্বে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে ব্যাপক জনপ্রিয় জুমলা। জুমলা নামক এই ওপেন সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিভিন্ন ধরনের সাইট তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। প্রায় সব ধরনের সাইটের ক্ষেত্রেই এটি ব্যবহার করা যায়। এ অধ্যায় পাঠে আপনি জুমলা’র সাথে পরিচিত হবেন এবং নিচের বিষয়গুলি জানবেন:
জুমলা কী?
কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কী?
জুমলা’র বিভিন্ন সংস্করণ
জুমলা’র সুবিধা
কোথায় জুমলা পাবেন?
জুমলা চালাতে কী লাগবে?
ইনস্টলেশনের প্রস্তুতি
ইনস্টলেশন পদ্ধতি
এ অধ্যায় পাঠশেষে আপনি জুমলা’র সাথে পরিচিত হবেন এবং এটি ইনস্টল করতে শিখবেন।
জুমলা হলো একটি ওপেন সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি যদি অনেক আগে থেকেই ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত থাকেন তাহলে বুঝতে পারবেন আগে কোনো সাইট তৈরি করতে কতো পরিশ্রম করতে হতো। প্রতিটি পৃষ্ঠা এইচটিএমএল পেজ হিসেবে লিখে তা ওয়েবসার্ভারে হোস্ট করতে হতো। এভাবে ম্যানুয়ালি পৃষ্ঠা তৈরি করে কোনো সাইট চালানো সত্যিই কঠিন। কারণ এর সাহায্যে সহজে কোনো সাইটে পরিবর্তন আনা যায় না। আবার অনেক সাইট এমন আছে যেখানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো পৃষ্ঠা যোগ হচ্ছে। এরকম সাইটের জন্যই মূলত তৈরি করা হয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা CMS। এতে কনটেন্ট ম্যানেজমেন্টের এমন একটি সিস্টেম থাকে যাতে ব্যবহারকারীরা কোনো নূতন নিবন্ধ, ছবি কিংবা ভিডিও সহজে যোগ করতে পারে। আর তা যোগ করার ফলে সেটি সাইটের নির্দিষ্ট সেকশনে প্রদর্শিত হয়। এমনি কাজের জন্য জুমলা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
ধরা যাক আপনি একটি কোম্পানির ওয়েব সাইট তৈরি করতে চান। সেই কোম্পানি মাঝে মধ্যেই নূতন নূতন পণ্য কিংবা সেবা চালু করে। কোনো পণ্য বা সেবা চালু করার সময় তারা সেটির প্রচারণা চালাতে চায় ওয়েব সাইটের মাধ্যমে। এজন্য সেই পণ্য বা সেবার ছবিসহ তারা সেখানে নিবন্ধ প্রকাশ করতে চায়। আপনি যদি এরকম একটি সাইট সাধারণ HTML ব্যবহার করে তৈরি করেন তাহলে প্রতিবার এরকম নিবন্ধ প্রকাশের জন্য আপনার কিংবা অন্য কোনো ওয়েব ডিজাইনার/ডেভেলপারের শরণাপন্ন হতে হবে। এর পরিবর্তে আপনি যদি জুমলা’র মতো কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করেন তাহলে তারা সহজেই সেসব নিবন্ধ যোগ করতে পারবেন। এসব সুবিধার কারণেই জুমলা এখন জনপ্রিয়।
জুমলা’র উৎপত্তি মাম্বো (MAMBO) নামের এক CMS থেকে। ২০০৫ সালে মাম্বোর ডেভেলপারদের এক গ্রুপ পৃথক হয়ে ওপেন সোর্স জুমলা প্রতিষ্ঠা করে। তখন এটির নাম হয় জুমলা ১.০। জুমলা ১.০ এবং মাম্বোর মধ্যে বেশ সাদৃশ্য ছিল। এরপর আসে জুমলা ১.৫ যাতে বেশ কিছু পরিবর্তন আনা হয় – প্রোগ্রামিং এবং ইন্টারফেস উভয়টিতেই। জুমলা ১.০ এর জন্য তৈরিকৃত এক্সটেনশনসমূহের কিছু জুমলা ১.৫ এ চলতো বিশেষ ব্যবস্থায়। এরপর ২০১১ এর জানুয়ারিতে রিলিজ হয় আরো উন্নত জুমলা ১.৬, এবং ২০১১ সালের জুলাই-এ রিলিজ হয় জুমলা ১.৭। জুমলা ১.৭ হলো জুমলা’র সর্বশেষ ভার্সন। জুমলা ১.৬ এবং ১.৭ মূলত একই ধরনের। জুমলা’র পরবর্তী সংস্করণ ২.৫ রিলিজ হবে জানুয়ারি ২০১২ তে।
জুমলা সিএমএস ওয়েব সাইট তৈরির এক নূতন ধারা তৈরি করেছে। প্রায় সব ধরনের সুবিধাসহ একটি ওয়েব সাইট তৈরি করে ফেলতে পারেন এই সিএমএস ব্যবহার করে। সংক্ষেপে বলতে গেলে এর সুবিধাগুলি নিম্নরূপ:
ওপেন সোর্স: জুমলা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটি গড়ে উঠেছে ওপেন সোর্স প্রযুক্তির উপর, আবার এটি নিজেও ওপেন সোর্স। ওপেন সোর্স সফটওয়্যারের সুবিধা হলো এর সোর্স কোড উন্মুক্ত। সোর্স কোড উন্মুক্ত হওয়ায় এবং এর লাইসেন্সিঙের কারণে আপনি সেই কোডে পরিবর্তন করে আপনার প্রয়োজন মেটাতে পারবেন। জুমলা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পুরোটি গড়ে উঠেছে ওপেন সোর্স প্রযুক্তি PHP, MYSQL ব্যবহার করে। এটি চালাতে পারবেন পুরো ওপেন সোর্স প্রযুক্তি ব্যবহার করে।
ব্যয়সাশ্রয়ী: ওপেন সোর্স প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠা এবং ওপেন সোর্স প্রযুক্তিতে চালানোর সুবিধার জন্য জুমলা বেশ ব্যয়সাশ্রয়ী। জুমলা সফটওয়্যারটি পাবেন একদম ফ্রি। যেকোনো সময় আপনি জুমলা’র ওয়েব সাইট www.joomla.org থেকে এটি ডাউনলোড করতে পারবেন বিনামূল্যে। এটি ইনস্টল ও ব্যবহার করার জন্য আপনাকে কোনো ফি দিতে হবে না। এর বিভিন্ন কাজের জন্য যেসব এক্সটেনশন পাওয়া যায় সেগুলির বেশিরভাগই ফ্রি পাওয়া যাবে। তাছাড়া জুমলা বিশেষজ্ঞ পাওয়া বেশ সহজ। বাংলাদেশে অনেককেই পাবেন যারা জুমলায় অভিজ্ঞ। জুমলা সিএমএস চালানোর জন্য খুব বেশি অভিজ্ঞতার প্রয়োজন হয় না বলে এতে কোনো সাইট চালানোর খরচও কম।
নিরাপদ: জুমলা ইতোমধ্যে মোটামুটি নিরাপদ কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য যে ধরনের নিরাপত্তা ও প্রবেশাধিকার প্রয়োজন ডিফল্ট হিসেবে তা পাওয়া যায়। ইউজার ও গ্রুপের মাধ্যমে সাইটের বিভিন্ন অংশে প্রবেশাধিকার নির্ধারণ করে দেয়া যায়।
পরিবর্ধনযোগ্যতা: জুমলা’র বড় সুবিধা হলো এর পরিবর্ধনযোগ্যতা। কোর জুমলা সিএমএস-এর সাথে বিভিন্ন কাজ যোগ করতে পারেন এর জন্য তৈরিকৃত এক্সটেনশন ব্যবহার করে। যেমন আপনি সাইটে একটি ফটো গ্যালারি যোগ করতে চান। এর জন্য অনেকগুলি এক্সটেনশন পাবেন ফ্রি। তার একটি এক্সটেনশন ব্যবহার করে আপনি সাইটে ফটো গ্যালারি তৈরি করতে পারবেন। প্রায় প্রত্যেক ধরনের কাজের জন্য এরকম এক্সটেনশন রয়েছে। আবার প্রয়োজনে PHP প্রোগ্রামারের মাধ্যমে জুমলা’র জন্য কোনো এক্সটেনশন তৈরি করে নিতে পারেন। বর্তমানে প্রায় আট হাজার জুমলা এক্সটেনশন পাওয়া যাবে জুমলা এক্সটেনশন ডিরেক্টরিতে।
সহজে ব্যবহারযোগ্য: জুমলা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সহজে ব্যবহার যোগ্য। এখানে কনটেন্ট ম্যানেজমেন্টের কাজ সারা যাবে কোনো HTML, PHP কোডিং ছাড়াই। কেউ কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিঙের কাজ করতে পারলেই এর মাধ্যম সাইট পরিচালনা করতে পারবে। এই সহজ ব্যবহারযোগ্যতা জুমলাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছে।
জুমলা কেন ব্যবহার করবেন সেটি বোঝানোর জন্য বিশেষ কোনো পদক্ষেপ না নিলেও চলবে। এটি একবার ইনস্টল করার পর ব্যবহার করতে শুরু করুন তাহলেই বুঝতে পারবেন জুমলা’র সুবিধা কী।
জুমলা’ই একমাত্র কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নয়। জুমলা’র মতোই আরো কিছু ওপেন সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পাবেন। এরকম কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জানতে চাইলে দেখুন http://en.wikipedia.org/wiki/List_of_content_ management_systems।
জুমলা সিএমএস গড়ে উঠেছে PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। এর ডাটা রাখার জন্য ডাটাবেজ হিসেবে ব্যবহার করা হয় MySQL সার্ভার। এটি এপাচি ওয়েব সার্ভারে চলে, তবে অন্যান্য ওয়েব সার্ভারে যেগুলিতে PHP চালানো যায় সেসব সার্ভার ব্যবহার করেও আপনি জুমলা চালাতে পারবেন। জুমলা ১.৭ ব্যবহার করার জন্য ওয়েব সার্ভারে নিচের মতো সফটওয়্যার এনভায়রনমেন্ট প্রয়োজন হবে: দরকার,
PHP, কমপক্ষে ৫.২+ সংস্করণ। পাবেন এই ঠিকানায় http://www.php.net।
MySQL, কমপক্ষে ৫.০৪+ সংস্করণ। পাবেন এই ঠিকানায় http://www.mysql.com।
Apache (with mod_mysql, mod_xml, and mod_zlib), কমপক্ষে ১.৩+ সংস্করণ। পাবেন এই ঠিকানায় http://www.apache.org।
Microsoft IIS, কমপক্ষে ৬+ সংস্করণ। পাবেন এই ঠিকানায় http://www.iis.net ।
মাইক্রোসফট ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস (IIS) এ জুমলা ১.৭ ব্যবহার করা গেলেও আমরা ওপেন সোর্স টেকনোলজি ও নিরাপত্তা বিবেচনা করে লিনাক্স, এপাচি, মাইএসকিউএল, পিএইচপি (LAMP) এনভায়রনমেন্ট ব্যবহার করব।
ইনস্টলেশনের আগে আপনার সামান্য কিছু প্রস্তুতি লাগবে। আপনি যে সার্ভারে এটি ইনস্টল করবেন সেখানকার ওয়েব রুটে জুমলা ইনস্টলেশনের ফাইলসমূহ আপলোড করতে হবে। আর আপনি যদি লোকাল সার্ভারে আগে ডেভেলপমেন্টের কাজ সারতে চান তাহলে সেটিও করতে পারবেন। আমার মতে আগে লোকাল কম্পিউটারে সাইট ডেভেলপমেন্টের কাজ সেরে নিয়ে সেটিকে সার্ভারে আপলোড করা হলে অনেক সুবিধা হবে। কারণ লোকাল কম্পিউটারে দ্রুত ডেভেলপমেন্টের কাজ সারতে পারবেন, এতে ইন্টারনেটে যুক্ত না থাকলেও চলবে। সাইটের কনফিগারেশন, ডিজাইন ইত্যাদি সব মনমতো হলে তারপর সেটিকে লাইভ ওয়েব সার্ভারে আপলোড করতে পারবেন।
আমরা এখানে আগে লোকাল সার্ভারে জুমলা ব্যবহার শিখব। এরপর সেটিকে কীভাবে লাইভ ওয়েব সার্ভারের আপলোড করতে হয় তা জানব। ধরা যাক আপনার লোকাল মেশিনে কোনো ওয়েব সার্ভার সেটআপ করা আছে। আপনি যদি উইন্ডোজ মেশিন ব্যবহার করেন তাহলে সেখানে WAMP সেটআপ করতে পারেন। WAMP সেটআপ করা হলে একইসাথে এপাচি, মাইএসকিউএল ও পিএইচপি ইনস্টল হবে। এতে কনফিগার করার জন্যও সময় ব্যয় করতে হবে না। এই WAMP পাবেন www.wamp-server.com থেকে। এটি ডাউনলোড করে ইনস্টল করে নিন।
আপনি যদি লিনাক্স, যেমন উবুন্টু, ব্যবহার করেন তাহলে সেখানে LAMP ইনস্টল করে নিতে পারেন sudo tasksel install lamp-server কমান্ড চালানোর মাধ্যমে। এর ফলে আপনি সেখানে এপাচি, মাইএসকিউএল ও পিএইচপি পাবেন। আর ম্যাকিন্টশ কম্পিউটার ব্যবহার করলে www.mamp.info সাইট থেকে MAMP সার্ভার ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন।
এখানে আমরা উইন্ডোজ কম্পিউটারে WAMP ব্যবহার করে জুমলা ইনস্টলেশন দেখব। উইন্ডোজ ৭ কম্পিউটারে WAMP ইনস্টল করলে এটি সাধারণত C:\wamp নামের একটি ডিরেক্টরিতে ইনস্টল হবে। এর মধ্যে www সাবফোল্ডারটি হবে ওয়েব রুট। অর্থাৎ c:\wamp\www ফোল্ডারে যা রাখবেন তাই এপাচি ওয়েব সার্ভারের মাধ্যমে দেখা যাবে। কেউ যদি আপনার ওয়েব ব্রাউজার থেকে কম্পিউটারের আইপি এড্রেস, যেমন http://192.168.1.1, টাইপ করে তাহলে সে c:\wamp\www নামের ফোল্ডারে রাখা index.html কিংবা index.php ফাইলটি দেখতে পাবে। আমরা জুমলা ইনস্টল করতে চাইলে জুমলা প্যাকেজ ফাইলসমূহ এই ওয়েব রুটে রাখতে হবে।
জুমলা
১.৭
ইনস্টলেশন প্যাকেজ ডাউনলোড
করার জন্য ব্রাউজার এড্রেস
বারে www.joomla.org
টাইপ
করুন। তাহলে আপনি জুমলা হোম
পেজ দেখতে পাবেন। লক্ষ্য করবেন
জুমলা ওয়েবসাইটে সর্বশেষ
সংস্করণ ডাউনলোড করার জন্য
লিঙ্ক রয়েছে। সর্বশেষ সংস্করণের
জুমলা ডাউনলোড করার জন Download
বাটনে
ক্লিক করুন। এর ফলে আপনি
ডাউনলোডযোগ্য প্যাকেজসমূহের
তালিকা দেখতে পাবেন। এই তালিকা
থেকে সর্বশেষ ভার্সনের Full
Package ডাউনলোড
করুন। নূতন ইনস্টলেশনের জন্য
সব ফাইল থাকে Full
Package এর
মধ্যে। আর আগের ভার্সন থেকে
আপগ্রেড করার জন Upgrade
Package দরকার
হবে। ডাউনলোডকৃত ZIP
ফাইল
এক্সট্র্যাক্ট করুন। ধরুন
এটি আপনি c:\wamp\www\learnjoomla
ফোল্ডারে
এক্সট্র্যাক্ট করেছেন।

এখন আমাদের দরকার জুমলা ইনস্টলেশনের জন্য একটি ডাটাবেজ তৈরি করা। জুমলার সব তথ্য থাকবে এই ডাটাবেজেই। WAMP ইনস্টল ও চালু করা থাকলে আপনি খুব সহজেই একটি ডাটাবেজ তৈরি করে পারেন। এজন্য ওয়েব ব্রাউজার চালু করে http://localhost/phpmyadmin টাইপ করুন। তাহলে phpMyAdmin স্ক্রিন দেখতে পাবেন।
নূতন ডাটাবেজ তৈরির জন্য Create new database ফিল্ডে ডাটাবেজের নাম, যেমন learnjoomla টাইপ করুন এবং Collation ফিল্ডে utf8_general_ci সিলেক্ট করুন। এরপর Create বাটনে ক্লিক করুন। তাহলে learnjoomla নামের ডাটাবেজটি তৈরি হবে এবং বামের পেনে দেখা যাবে।
লক্ষ্য করুন এই ডাটাবেজে কোনো টেবিল এখনও যোগ করা হয়নি। মূলত এটি একটি ফাঁকা ডাটাবেজ। জুমলা ইনস্টলেশনের সময় আপনা থেকেই এতে টেবিল যোগ করা হবে। এখন আমাদের এই ডাটাবেজের নাম মনে রাখলেই চলবে।
জুমলা সাইটের জন্য ডাটাবেজে তৈরি করা এবং ফাইলসমূহ ওয়েবরুটে কপি করে দেয়া থাকলে আমরা জুমলা ইনস্টলেশন শুরু করতে পারি। জুমলা ইনস্টলেশনের জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন:
১. ওয়েব ব্রাউজার চালু করে জুমলা ফাইল লোকেশনের URL টাইপ করুন। আমরা যেহেতু ফাইলগুলি রেখেছি c:\wamp\www\learnjoomla লোকেশনে, তাই সেখানে যাওয়ার URL হবে http://localhost/learnjoomla। এটি টাইপ করে এন্টার কী চাপলে আমরা Choose Language স্ক্রিন দেখতে পাবো।
২. Select Language বক্সে ডিফল্ট হিসেবে English (United States) সিলেক্ট করা থাকে। আপনি ইচ্ছে করলে অন্য ভাষা, যেমন Bengali (Bangladesh), সিলেক্ট করতে পারেন। ডিফল্ট সিলেকশন রেখেই Next বাটনে ক্লিক করুন। তাহলে Pre-Installation Check স্ক্রিন দেখতে পাবেন।
৩. Pre-Installation Check স্ক্রিনে উপরের অংশে সবকটি ফিল্ডের মান সবুজ রঙে দেখা গেলে বুঝবেন ওয়েব সার্ভারের সেটিংস জুমলা ইনস্টলেশনের উপযোগী আছে। কোনোটির পাশে লাল রঙ দেখা গেলে সেই সেটিংস বদলিয়ে তারপর জুমলা ইনস্টল করতে হবে। এখানে প্রায় সবকটিই সবুজ রঙের, তাই Next বাটনে ক্লিক করুন। তাহলে License স্ক্রিন দেখতে পাবেন।
৪. License স্ক্রিনে GNU General Public License দেখতে পাবেন। এটি পাঠ করে Next বাটনে ক্লিক করুন। তাহলে Database Configuration স্ক্রিন দেখতে পাবেন।

৫. Database Configuration স্ক্রিনে ডাটাবেজের তথ্য দিতে হবে। এখানে Database Type ফিল্ডে MySQL কিংবা MySQLi সিলেক্ট করা থাকবে। এরপর ফিল্ডসমূহে নিচের মতো করে পূরণ করুন:
Host Name: MySQL সার্ভারের হোস্ট নাম এখানে উল্লেখ করতে হবে। ডিফল্ট হিসেবে এখানে localhost দেখতে পাবেন যা সবসময়ই ব্যবহার করতে পারবেন যদি একই সার্ভারে MySQL ডাটাবেজ থাকে।
Username: এখানে MySQL ডাটাবেজের সাথে যুক্ত হওয়ার জন্য ইউজার নাম টাইপ করতে হবে। WAMP সার্ভারে আমরা root ইউজার ব্যবহার করেই যুক্ত হবো। কিন্তু লাইভ ওয়েব সার্ভারে অবশ্যই অন্য ইউজার নাম ব্যবহার করতে হবে।
Password: আগের ফিল্ডে যে ইউজার নাম উল্লেখ করলেন তার জন্য পাসওয়ার্ড টাইপ করতে হবে এই ফিল্ডে। WAMP এ root ইউজারের জন্য কোনো পাসওয়ার্ড দেয়া থাকে না। তাই এটি ফাঁকা রাখতে পারেন।
Database Name: যে ডাটাবেজটি ব্যবহার করা হবে তার নাম এখানে উল্লেখ করতে হবে। আমরা জুমলা'র জন্য learnjoomla নামের ডাটাবেজ তৈরি করেছি। তাই সেই নাম এখানে টাইপ করুন।
Table Prefix: জুমলা ডাটাবেজে টেবিলসমূহের জন্য কোন প্রিফিক্স ব্যবহার করা হবে তা এখানে উল্লেখ করতে হবে। একই ডাটাবেজে একাধিক এপ্লিকেশনের টেবিল থাকলে সেগুলিকে পৃথক করার জন্য কাজে লাগবে এই প্রিফিক্স। ডিফল্ট হিসেবে এখানে একটি প্রিফিক্স দেখাবে। সেটি গ্রহণ করতে পারেন, কিংবা আপনি নিজের পছন্দমতো প্রিফিক্স, যেমন jos_ , উল্লেখ করতে পারেন।
Old Database Process: আগের জুমলা টেবিলসমূহকে কী করা হবে তা এখানে নির্ধারণ করতে হয়। Bakcup সিলেক্ট করা হলে আগের টেবিল ব্যাকআপ করা হবে অন্য নাম দিয়ে, আর Remove সিলেক্ট করা হলে সেগুলি মুছে নূতন টেবিল তৈরি করা হবে।
সবকটি ফিল্ড পূরণ করা হলে Next বাটনে ক্লিক করুন। তাহলে নিচের চিত্রের মতো FTP Configuration স্ক্রিন দেখতে পাবেন।

৬. FTP Configuration স্ক্রিনে কিছু করার দরকার হবে না। তাই Next বাটনে ক্লিক করুন। এর ফলে পরবর্তী চিত্রের মতো Main Configuration স্ক্রিন দেখতে পাবেন।

৭. Main Configuration স্ক্রিনে প্রথমে Site Name ফিল্ডে সাইটের পুরো নাম লিখুন। এরপর Admin Email ফিল্ডে সাইট এডমিনিস্ট্রেটরের ইমেইল এড্রেস উল্লেখ করুন। Admin Username ফিল্ডে ডিফল্ট এডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে admin নাম থাকে। সেটি রাখতে পারেন কিংবা অন্য কোনো নাম দিতে পারেন। এরপর Admin Password ফিল্ডে পাসওয়ার্ড টাইপ করুন এবং তা পুনরায় টাইপ করুন Confirm Admin Password ফিল্ডে। সাইটে উদাহরণস্বরূপ কিছু ডাটা ইনস্টল করতে চাইলে Install Sample Data ক্লিক করুন। এর ফলে কিছু ডাটা ইনস্টল হবে। এরপর Next বাটনে ক্লিক করুন। তাহলে শেষ ধাপ Finish স্ক্রিন দেখতে পাবেন।

৮. লক্ষ্য করুন Finish স্ক্রিনে লাল হরফে জানিয়ে দেয়া হচ্ছে যে অবশ্যই ইনস্টলেশন ডিরেক্টরি (জুমলা ফোল্ডারে installation সাব ফোল্ডার) মুছে ফেলতে হবে। এটি মোছার জন্য Remove installation folder বাটনে ক্লিক করুন। তাহলে সেই ফোল্ডার মুছে ফেলা হবে এবং সাফল্যের বার্তা দেখতে পাবেন। এটি করা হলে আপনি উপরের দুটি বাটনের যেকোনোটিতে ক্লিক করতে পারেন। ফ্রন্ট এন্ড দেখার জন্য Site বাটনে ক্লিক করুন। তাহলে সাইটটি দেখতে পাবেন।
লক্ষ্য করুন, এখানে বেশ কয়েকটি মেনু ও নিবন্ধ দেখা যাচ্ছে। এসব মেনু পরিবর্তন করতে পারবেন এডমিনিস্ট্রেশন প্যানেল থেকে। আবার সাইটে নূতন নিবন্ধ যোগ করতে হবে। পুরো সাইটের চেহারাও পাল্টিয়ে দিতে পারবেন এর টেমপ্লেট বদলে দিয়ে। পরবর্তী অধ্যায়সমূহে আমরা এসব সম্পর্কে জানব।
জুমলা ইনস্টলেশনের পর installation ফোল্ডারটি মুছে ফেলা হয় সাইটে নিরাপত্তার জন্য। এটি করা না হলে আবার কেউ সেই URL এ গিয়ে নূতন করে জুমলা ইনস্টলেশন শুরু করতে পারে। তাই ইনস্টলেশন সফল হওয়ার পরই এই ডিরেক্টরি মুছে ফেলতে হবে কিংবা অন্য কোনো নাম দিতে হবে।